হিন্দু ধর্ম • Jashore Board • যশোর বোর্ড ২০২৩
হিন্দু ধর্ম প্রশ্ন
হেমন্তকালে ধান কাটায় মেতে ওঠে কৃষকেরা। ঘরে ঘরে নতুন ধানের ভাত ও নানা রকম পিঠা-পায়েসের আয়োজন করে উৎসবে মেতে ওঠে। অপরদিকে, বর্ষবরণ উৎসব আজ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক মহা উৎসব। এদিন মিষ্টি বিতরণসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
- ক)(1)
সংক্রান্তি কাকে বলে?
- খ)(2)
রাখীবন্ধন বলতে কী বোঝ?
- গ)(3)
উদ্দীপকে হেমন্তকালে যে উৎসবের কথা বলা হয়েছে তা তোমার পাঠ্যবইয়ের আলোকে বর্ণনা করো।
- ঘ)(4)
বর্ষবরণ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক মহা উৎসব'- তোমার উত্তরের সপক্ষে যুক্তি উপস্থাপন করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
বাংলা মাসের শেষ দিনকে সংক্রান্তি বলা হয়।
- খ)
'রাখী' শব্দটি 'রক্ষা' শব্দ থেকে এসেছে। রাখীবন্ধন একটি ধর্মাচার, যেখানে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। এটি ভাই-বোনের আজীবন ভালোবাসার প্রতীক। নিজের ভাই ছাড়াও আত্মীয়-অনাত্মীয় ভাইদের হাতেও রাখী পরানো হয়, ফলে সবার মধ্যে মধুর সম্পর্ক গড়ে ওঠে। এ কারণে দিনটি রাখী পূর্ণিমা নামেও পরিচিত।
- গ)
উদ্দীপকে হেমন্তকালে ধান কাটা, নতুন ধানের ভাত ও পিঠা-পায়েসের যে উৎসবের কথা বলা হয়েছে, তা নবান্ন উৎসব।
নবান্ন = নব + অন্ন; অর্থ নতুন ভাত। হেমন্তকালের অগ্রহায়ণ মাসে নতুন ধানের চাল দিয়ে তৈরি ভাত ও নানা রকম পিঠা দিয়ে এই মাঙ্গলিক উৎসব পালন করা হয়। এটি একটি ঋতুভিত্তিক অনুষ্ঠান। এদিন শস্যের অধিষ্ঠাত্রী দেবী শ্রীশ্রীলক্ষ্মীর পূজা দেওয়া হয়। নবান্ন আবহমান বাংলার ঐতিহ্যবাহী অসাম্প্রদায়িক ও সর্বজনীন উৎসব। এটি 'বারো মাসে তেরো পার্বণ'-এর একটি পার্বণ।
- ঘ)
উদ্দীপকে বর্ণিত বর্ষবরণ উৎসবকে বাঙালির অসাম্প্রদায়িক চেতনার মহা উৎসব বলা যথার্থ। বাংলা সনের প্রথম দিনে নতুন বছরকে বরণ করার মাধ্যমে এ উৎসব পালিত হয়।
১. বর্ষবরণ ধর্মীয় অনুভূতির পাশাপাশি সর্বজনীনতা পেয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব বাঙালি এতে অংশ নেয়।
২. এদিন বিভিন্ন পূজা, মিষ্টি খাওয়া, ভাব বিনিময় ও হালখাতাসহ নানা অনুষ্ঠান হয়, যা সবার মধ্যে মিলনের সুযোগ তৈরি করে। উদ্দীপকেও মিষ্টি বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা আছে।
৩. পাহাড়ি অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বর্ষবরণ ও চৈত্রসংক্রান্তি উপলক্ষে 'বৈসাবি' উৎসব পালন করে। ফলে এটি সব জাতিগোষ্ঠীকে এক সূত্রে বাঁধে।সুতরাং, ধর্ম ও সম্প্রদায়ের ভেদাভেদ ভুলে সবাই একসঙ্গে পালন করে বলে বর্ষবরণ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার মহা উৎসব।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও